মুক্তিযুদ্ধের সময় গঠিত স্বাধীন বাংলা ফুটবল দলের গৌরবগাথা নিয়ে নির্মিত সিনেমা ‘ঠিকানা বাংলাদেশ’ দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তির প্রস্তুতি নিচ্ছে। সেই ধারাবাহিকতায় ঐতিহাসিক ২৫ জুলাই প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম পোস্টার।
নির্মাতা অনম বিশ্বাস পরিচালিত সিনেমাটির পোস্টার প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রচারণা কার্যক্রম। মুক্তিযুদ্ধের এক অনন্য অধ্যায়—স্বাধীন বাংলা ফুটবল দলের আত্মত্যাগ, দেশপ্রেম এবং সংগ্রামের গল্পই উঠে আসবে এই চলচ্চিত্রে।
১৯৭১ সালের ২৫ জুলাই ভারতের নদীয়া ফুটবল একাদশের বিপক্ষে মাঠে নেমেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। বিদেশের মাটিতে প্রথমবারের মতো বাংলাদেশের লাল-সবুজের পতাকা বহন করে খেলতে নামা সেই ম্যাচ মুক্তিযুদ্ধের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত হয়। সেই ঐতিহাসিক ঘটনাকেই কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘ঠিকানা বাংলাদেশ’।
প্রকাশিত পোস্টারে যুদ্ধকালীন বাংলাদেশের প্রতীকী আবহ তুলে ধরা হয়েছে। পানিতে ডুবে থাকা জনপদের সামনে এক ফুটবলারের প্রতীকী ভাস্কর্য, আকাশে যুদ্ধবিমান এবং পাশে উড়তে থাকা বাংলাদেশের পতাকা সব মিলিয়ে পোস্টারটি মুক্তিযুদ্ধ ও ফুটবলকে এক সুতোয় গেঁথে প্রতিরোধ, দেশপ্রেম এবং স্বাধীনতার বার্তা তুলে ধরেছে।
২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমায় অভিনয় করেছেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, রেজওয়ান পারভেজ, খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদসহ আরও অনেক শিল্পী।
সিনেমাটির মুক্তি প্রসঙ্গে নির্মাতা অনম বিশ্বাস জানান, ‘ঠিকানা বাংলাদেশ’ চলতি বছরই মুক্তির পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যেই ধাপে ধাপে প্রচারণামূলক কার্যক্রম শুরু করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ডিসেম্বরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘ঠিকানা বাংলাদেশ’।
মুক্তিযুদ্ধভিত্তিক এই চলচ্চিত্রে শুধু যুদ্ধের গল্পই নয়, স্বাধীন বাংলা ফুটবল দলের মাঠের লড়াই, দেশপ্রেম এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলার ঐতিহাসিক ভূমিকার চিত্রও তুলে ধরা হবে।